ঘূর্ণিঝড় মোখা: ৬ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় মোখা: ৬ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে ৬
জেলায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও
ত্রাণপ্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ঘূর্ণিঝড় মোখা: ৬ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা
আতাউর রহমান রাইহান ২ মিনিটে পড়ুন শনিবার (১৩ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় মোখা নিয়ে
আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য জানিয়েছেন। প্রতিমন্ত্রী
বলেন, শুক্রবার (১২ মে) সকালে মোখা অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এখনো উত্তর ও
উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এটা যেভাবে অগ্রসর হচ্ছে, আশঙ্কা করছি, মিয়ানমার ও
বাংলাদেশের কক্সবাজার জেলায় আঘাত হানবে। এর প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী,
লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা ও বরগুনাসহ বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে। আরও
পড়ুন: কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত জলোচ্ছ্বাসের উচ্চতা নিয়ে জানতে চাইলে
তিনি বলেন, টেকনাফ ও কক্সবাজারের জন্য সুনির্দিষ্ট করে দুই থেকে তিন মিটার উচ্চতার
জলোচ্ছ্বাস হতে পারে। চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা ও ভোলার
জন্য দুই মিটারের কম উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। তিন মিটারের বেশি উচ্চতার
জলোচ্ছ্বাস হলে আশ্রয়কেন্দ্রের লোকজনের জন্য একটি আশঙ্কা থেকে যায় বলে জানান
তিনি। তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টি আগামীকাল রোববার (১৪ মে) সকাল ৬টা থেকে সন্ধ্যা
৬টার মধ্যে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত যে দূরত্ব আছে, আগামীকাল সকাল থেকেই উপকূল
স্পর্শ করতে থাকবে। এনামুর রহমান বলেন, এটির অবস্থান, গতিপথ ও গতি বিবেচনা করে আমরা
স্থির করেছি, কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়ার জন্য। আর চট্টগ্রাম
ও পায়রা বন্দরকে আট নম্বর মহাবিপদ সংকেত জারি রাখা হবে। মোংলায় চার নম্বর সতর্কতা
সংকেত থাকবে। আরও পড়ুন: ঝড়বৃষ্টি কখন বাড়বে জানা গেল ১০ নম্বর মহাবিপদ সংকেত কখন
থেকে কার্যকর হবে জানতে চাইলে তিনি বলেন, শনিবার (১৩ মে) দুপুর আড়াইটা থেকে এটি
কার্যকর হবে। এখন সেন্টমার্টিনের সবাইকে আশ্রয়কেন্দ্রে আনা হলেও চট্টগ্রাম ও
কক্সবাজারের শতভাগ আনা সম্ভব হয়নি। প্রতিমন্ত্রী আরও বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে
২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হবে। এতে ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত
সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। তবে সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে সেনাবাহিনী,
নৌবাহিনী ও কোস্টগার্ড কাজ করছে। তিনি বলেন, এখন বাতাসের যে গতিবেগ ১৫০ থেকে ১৬০
কিলোমিটার, এটা বেড়ে হয়ত ১৮০ কিলোমিটার হতে পারে। এর বেশি হওয়ার শঙ্কা নেই। যে
কারণে মোখাকে সুপার সাইক্লোন বা অতিপ্রবল ঘূর্ণিঝড় বলা যাবে না।
!
Comments
Post a Comment